SS TV live
SS News
wb_sunny

Breaking News

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ




নিজস্ব প্রতিবেদক:


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় অবস্থিত ৬৯নং দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও কাঠজাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে।


সোমবার (৩ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা। এছাড়াও উপস্থিত ছিলেন সানাউল্লাহ, রিপনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুম রানা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”


তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হবে। প্রতিটি শিক্ষার্থী যদি নিজ হাতে একটি গাছ রোপণ করে নিয়মিত পরিচর্যা করে, তাহলে অদূর ভবিষ্যতে দেশ সবুজে সমৃদ্ধ হবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।”


বক্তারা শিক্ষার্থীদের শুধু গাছ রোপণ নয়, বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তোলার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হওয়া উচিত।


অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও কাঠজাতীয় গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

Next
This is the most recent post.
Previous
পুরাতন পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন