সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সাংবাদিকের ওপর হামলা, চাঁদা দাবি ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক জাতীয় পার্টির নেতাসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রোববার (১ মার্চ ২০২৬) সন্ধ্যায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত-এর বিশেষ প্রতিনিধি, মোভি বাংলা টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি এবং সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পীর মোহাম্মদ (৩৫) গত শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চৌধুরীগাঁও এলাকায় নিজ বাড়ির সামনে অবস্থানকালে হামলার শিকার হন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেন (৪৭)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তার ওপর হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, ইকবাল হোসেনের হাতে থাকা একটি এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার ব্যাগে থাকা ডাচ্-বাংলা ব্যাংক থেকে উত্তোলন করা ৭ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে। পরে আহত অবস্থায় তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে রোববার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম বলেন, সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেশাদার সাংবাদিক পীর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি। আমরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন