SS TV live
SS News
wb_sunny

Breaking News

সরকারি নির্দেশ অমান্য করে সোনারগাঁয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা

 


নারায়ণগঞ্জের  সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ও মেঘনা নিউটাউন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী  ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনারগাঁ আইডিয়াল স্কুল, মেরিট স্কুল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল, ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ এবং মেঘনা শিল্পনগরীতে অবস্থিত সোনারগাঁ স্টার ফ্লাওয়ার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত ক্লাস চলছে।

মেঘনা শিল্পনগরীতে অবস্থিত সোনারগাঁ স্টার ফ্লাওয়ার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষকবৃন্দের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অনেকে এড়িয়ে যান। কেউ কেউ দাবি করেন, তাদের প্রতিষ্ঠান সরকারি এমপিওভুক্ত নয়, তাই তারা ক্লাস চালু রেখেছেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম জাহিদ ইকবালের সঙ্গে কথা বললে তিনি জানান, কোনো অবস্থাতেই সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ নেই। নির্দেশনা সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য।

এ প্রসঙ্গে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তা অমান্য করার কোনো এখতিয়ার কারও নেই। কেউ যদি সরকারি নির্দেশ অমান্য করে স্কুল খোলা রাখে—এমন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রাখায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন