সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন শুক্রবার (৯ জানুয়ারি) মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাড়ি মজলিস মিয়া পাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
জুমার খুতবার পূর্বে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন। নামাজ শেষে তিনি মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় হাজী আশরাফ উদ্দিন বলেন, “আমি আপনাদের দোয়া চাই—আল্লাহ যেন আমাকে কবুল করেন এবং আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেন। আপনারা যদি আমাকে আপনাদের সন্তান বা ছোট ভাই হিসেবে গ্রহণ করেন, তবে আমি আজীবন আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে বাড়ি মজলিস গ্রামসহ মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলবো। হয়তো অনেকেই আমাকে এখনও ভালোভাবে চেনেন না। আমার বাড়ি ও কারখানা কাবিলগঞ্জ এলাকায়। আমি এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য—ব্যক্তিগত কোনো চাহিদা নিয়ে নয়।
এলাকার চলমান সামাজিক সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ সমাজকে ধ্বংস করছে। ইনশাআল্লাহ, সময় এলে এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে—সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
এ সময় মসজিদ কমিটির সভাপতি হাজী গোলাফ মিয়া ও দক্ষিণ কোরিয়া প্রবাসী সামছুল আলম বাবু বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে হাজী আশরাফ উদ্দিনকে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন