মাজেদ ভুঁইয়া ঃ সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় পায়রা উড়িয়ে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে, যা দিবসটির তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে।
দিবসের দ্বিতীয় পর্বে সোনারগাঁ স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এ সময় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হযরত আলী রানা, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল তন্ত্রপাল, বিএনপি নেতা হারুন-অর-রশীদ মিঠু, যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন