নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের ৩৭দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৯ মার্চ বিকেলে উপজেলার পিরোজপুর এলাকা হতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণকারী শাহিন মির্জা পালিয়ে যায়।
বৃহস্পতিবার ২০ মার্চ বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএময়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার মাদ্রাসা পড়ুয়া মেয়ে গত ১০ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে জৈনপুর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার সামনে থেকে পিরোজপুর গ্রামের কুদরত আলী কুরজুর ছেলে শাহিন মির্জার নেতৃত্বে ৪-৫জনের একটি দল মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে ১৩ মার্চ অপহৃত কিশোরীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেয় আদালত।
পরে গত বুধবার বিকেলে পিবিআইয়ে পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহিন মির্জার পিরোজপুর গ্রামের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন